পদ্মায় ধরা পড়া পাঙ্গাস বিক্রি হলো ৭১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ এক জেলের জালে ধরা পড়েছে। মাছটি বিক্রি করা হয়েছে ৭১,০০০ টাকায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে এরশাদ হলদারের জালে মাছটি ধরা পড়েছে ব‌লে জানান স্থানীয় মাছ ব‌্যবসায়ী চান্দু মোল্লা।

তিনি ব‌লেন, “ভোরে এরশাদ তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। জাল তুলতেই বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ পাওয়া যায়।” 

দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে মাছটি মেপে ২৫ কেজি ওজ‌ন হয়। প‌রে ওই আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২,৮০০ টাকা কেজি দরে মাছটি ৭০,০০০ টাকায় কিনে নেন চান্দু মোল্লা।  

পরবর্তীতে মাছ‌টি কেনার পর কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ২,৮৫০ টাকা কেজি দরে ৭১,২৫০ টাকায় বিক্রি করেন বলে জানান তিনি।