টানা বৃষ্টিতে ভোগান্তিতে কর্মজীবীরা, সারাদিন কি এমনই থাকবে?

সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি রাজধানী ঢাকাসহ সারাদেশে। এই বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও, শিক্ষার্থী ও কর্মজীবীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।  

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে সবচেয়ে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা।  

বুধবার সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে এবং পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে।

এদিন ভোর থেকে নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

এছাড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।