পটুয়াখালী শহরে কালবৈশাখী ঝড়ে একটি বিদ্যালয়ের গেইট ভেঙে কয়েক শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ শাহনারা আক্তার।
আহত অয়ন চন্দ্র সরকার (১০) ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর কয়েকজন শিক্ষার্থী গেইটের সামনে অবস্থান করছিল। এ সময় দারোয়ান গেইট খুলতে গেলে হঠাৎ গেটটি শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে। এতে ৪-৫ জন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভ ওঝা জানান, আহতদের মধ্যে অয়নের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় রক্তক্ষরণ হয়েছে।
উপাধ্যক্ষ শাহনারা বলেন, "হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে নতুন নির্মিত এই গেইটটি ভেঙে পড়ে। দারোয়ান গেইটটি ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি।"
বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আয়নের চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন তিনি।