বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২ মে) দুপুরে আকস্মিক এই ঝড়ে রংমিস্ত্রি সোহেলের টিন ও কাঠের তৈরি ঘরের ওপর একটি বড় চাম্বুল গাছ ভেঙে পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয়ে ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইয়াসমিন বেগমের মৃত্যু হয়। একই ঘটনায় তার ছেলে জিসান গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহত জিসানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা এবং দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, একই ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা, পানের বরজ, পেঁপে বাগান এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।