শামা ওবায়েদ: শিক্ষার্থী হত্যায় দায়ীদের শাস্তি দেবে যুক্তরাষ্ট্র 

যুক্তরাষ্ট্র বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ হস্তান্তর করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সোমবার  (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছায়। 

সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে অবতরণ করে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে প্রবেশ করার সময় তার মামা জানান, লিমনের মরদেহ নেওয়া হবে জামালপুরে গ্রামের বাড়িতে। 

গেল ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আট দিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কয়েক দিনের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ।

দুই শিক্ষার্থী খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে দুটি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।