সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় বাসের ধাকায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের মধ্যে একজন হলেন সিএনজি অটোরিকশার যাত্রী জেলার তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে নিহত সিএনজি অটোরিকশা চালক ও আহতদের নাম জানা যায়নি।
এছাড়া, দিরাই মদনপুর সড়কে এক অজ্ঞাতপরিচয় নারী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে সিলেটে থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে রিফাত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬৯) আসছিল। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠৎ করে যাত্রীবাহী বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং সিএনজি অটোরিকশাকে জোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী অটোরিকশাটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এসয় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়। বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক ও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, “যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ কলেজে পাঠানো হয়েছে।”