সাতক্ষীরার গোপালভোগ আম বাজারে এলো

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মৌসুমের আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম। জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয়। ফলে ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষি আবু সাইদের বাগানে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) বিষ্ণুপদ পাল।

আমচাষি বিপ্লব ভট্টাচার্য বলেন, বিগত তিন বছরের মধ্যে এ বছর আমের ফলন সবচেয়ে ভালো হওয়ায় চাষিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সঠিক সময়ে আম সংগ্রহ শুরু হওয়ায় ভালো দাম পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী।

কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জেলায় ৪,১৪০ হেক্টর জমিতে মোট ৫,৩৫০টি আম বাগান রয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০,৩৮০ মেট্রিক টন এবং রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ মেট্রিক টন। জেলায় মোট ১২,৫০০ জন আমচাষি নিবন্ধিত রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমচাষি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে সঠিক নিয়মে আম বাজারজাতকরণের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন অতিথিবৃন্দ। 

জানা গেছে, ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৫-২৬ মে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা হবে। এরপর ১৫ মে হিমসাগর ও খিসরা, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম ভাঙা শুরু হবে।