ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে ৭ জুন 

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে এদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। 

বৃহস্পতিবার (৭ মে) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এই অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। 

গত ৩০ এপ্রিল মোট ৯৪টি বিল পাশ ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মধ্য দিয়ে শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 

২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সদস্য। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় পরে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করে।