পরিবেশ রক্ষা এবং প্রচলিত সব আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারিগুলো সীমিত আকারে পুনরায় ইজারা প্রদানের জন্য উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সিলেট বিভাগের পাথর ও বালুমিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয়’ বিষয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদকর্মীদের এ কথা বলেন।
কমিটি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাঠপর্যায় থেকে আমাদের আগে একটা জরিপ দরকার। সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, খনিজসম্পদ মন্ত্রণালয়ের একজন সদস্যকে নিয়ে কমিটি করা হবে। কমিটি যদি চায়, আরও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে পারবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “পরিবেশের ক্ষতি না করে কোন স্থান থেকে সীমিত পরিমাণে পাথর উত্তোলন করা যায়, তা নির্ধারণ করতে কমিটি মাঠপর্যায়ে পরিদর্শন করবে।”
মন্ত্রী জানিয়েছেন, সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে হাইকোর্টের আদেশ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলাসহ পাথর কোয়ারি সম্পর্কিত সমস্ত চলমান আইনি বিষয় পর্যালোচনা করবে।