বাল্কহেডের সঙ্গে পুলিশের নৌযানের সংঘর্ষ, এক সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌ-পুলিশের নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়ে মো. মহসিন সরদার (৪৩) নামের এক নৌ-পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টার দিকে বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত মহসিন সরদার কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে দায়িত্ব ছিলেন। তিনি খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত মো. আব্দুল করিম সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন চারজন কনস্টেবল নিয়ে ডাকাতি প্রতিরোধে নৌযান নিয়ে রাতে টহলকালে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের টহল নৌযানটি উল্টে যায়। পরবর্তীতে টহল দলের সবাই সাঁতরে অন্য একটি বাল্কহেডে উঠেন। এসময় সংঘর্ষে কনস্টেবল মো. মহসিন সরদার গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান বলেন, বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাল্কহেড ও তার চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনা আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।