ঢাকার সাভারের আশুলিয়ায় বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার (১১ মে) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১০ মে) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে বন্ধু শাহাদাত হোসেন পারভেজকে তার বাড়িতে ডেকে নেন। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজের মুখ ও মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপিসি বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”