এপ্রিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫১০ জনের

সারাদেশে ২০২৬ সালের এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১,২৬৮ জন আহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১,২৭৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিলে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১,২৬৮ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নৌপথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন।

এতে আরও বলা হয়েছে, সব মিলিয়ে সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১,২৭৯ জন আহত হয়েছেন।

এ সময়ে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত, ১২৪ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ২৬.৩৭%, নিহতের ২৭.৮৪% ও আহতের ৯.৭৭%।

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে। এখানে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে ১৭টি। দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি জানায়, প্রকৃত হতাহতের ঘটনা আরও বাড়তে পারে।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “পরিবহন সেক্টর পরিচালনার পদ্ধতি আপাদমস্তক সংস্কার জরুরি। আমলাতন্ত্রের পরিবর্তে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে পরিবহন সেক্টর পরিচালনা করা হলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানুষের যাতায়াতের দুর্ভোগ নিরসন, প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল থামানো যেত। নতুন সরকারকে পুরোনো পরিবহন পরিচালনা পদ্ধতি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।”