রংপুরে অবিরাম বৃষ্টিতে জনজীবন অচল 

উত্তরবঙ্গে বিভাগীয় শহর রংপুর ও আশপাশ এলাকায় সকাল থেকে মুষলধারে কখনও আবার রিমঝিম বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে নগর জীবন প্রায় অচল হয়ে পড়েছে। 

বিশেষ করে কর্মজীবী মানুষ ও রিকশা-ভ্যানচালকরা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি হয়রানির মধ্যে পড়েছে। অবিরাম বৃষ্টিতে অস্বস্তিতে পড়েছে জেলার প্রায় সবকটি উপজেলা। 

এদিকে অবিরাম বৃষ্টি অব্যাহত থাকলে নগরীর নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। 

সরেজমিনে দেখা মেলে, অবিরাম বৃষ্টির পরেও নগরীর শপিংমল, মার্কেটসহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও চাহিদা মোতাবেক কাষ্টমার নেই বলে জানান দোকানদাররা। 

ব্যবসায়ীরা জানান, বৃষ্টি অব্যাহত থাকায় অনেক দোকানেই পণ্যসামগ্রী বিক্রি হয়নি। ফলে তারা অলস সময় পার করছেন।  

বুধবার (১৩ মে) দুপুরে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ৩৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সময় সময় ঘরের বাইরে না যাবার পরামর্শ দেন তিনি।