নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির সময় এক ব্যবসায়ীকে মারধর ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার স্ত্রীকে মারধর করা হয়।
বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৫০) মুক্তিশপুর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে। তিনি স্থানীয় সুতা ব্যবসায়ী। তার স্ত্রী শাহানূর বেগমকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত আড়াইটার দিকে এক দল ডাকাত বাড়ির সামনে এসে তার স্বামীর নাম ধরে ডাকাডাকি শুরু করে। দরজা খোলার পর ৪-৫ জনের একদল মুখোশধারী ডাকাত তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর শুরু করেন। একপর্যায়ে তাকেও হাত-পা বেঁধে মারধর করা হয়।
তিনি আরও বলেন, “এসময় ডাকাতরা আমাদের ঘরের চাবি নিয়ে আলমারি খুলে ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৬০,০০০ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২,০০,০০০ টাকার মালামাল লুট করে নেয়। এক পর্যায়ে ডাকাতদের চিনে ফেলায় তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা ডাকাতি নাকি অন্য কিছু তা তদন্তে বেরিয়ে আসবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।”