নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানা বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। 

এর আগে সকাল ৭টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গজারিয়ায় নিয়ে যাওয়া হয়। 

একদিন আগে, চেন্নাই থেকে বাংলাদেশে আসে তার মরদেহ। কারিনার প্রথম জানাজা বাদ মাগরিব (বনানী ডিওএইচএস মাঠে) ও দ্বিতীয় জানাজা বাদ এশা (বনানী দরবার শরীফ) অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের তৃতীয় জানাজা সম্পন্ন হয়। 

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জনপ্রিয় এ কন্টেন্ট ক্রিয়েটর। পরবর্তীতে হেপাটাইটিস এ ও ই-এর কারণে তার লিভার ফেইলিয়র হয়। ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেওয়া হয়। পরে গত ১৫ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।