টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৪১ শিশু

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে নতুন করে ৪১ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

এনিয়ে জেলাটিতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দাঁড়ালো ১,০৭৮ জনে। এ নিয়ে মোট ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা যায়। 

জেলা সিভিল সার্জন অফিস জানায়, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, কুমুদিনী হাসপাতালে ৯ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৩ জন, ঘাটাইল ও কালিহাতীতে ১ জন করে রোগী ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ৩১ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ১০৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।  এখন পর্যন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।  
 
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু  বলেন, “হামে আক্রান্ত রোগীর জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া টিকা দেওয়ার কার্যক্রম অব্যহত রয়েছে৷ টিকা কার্যক্রমের মধ্যেই আশা করছি দ্রুতই হামের আক্রান্তের রোগীর সংখ্যা কমবে।”