বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি তাড়ানোর জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে রুবি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্য হাতির আক্রমণে ফসল ও বাগানের ক্ষয়ক্ষতি হওয়ায় স্থানীয়রা হাতি প্রতিরোধে বিদ্যুতায়িত তারের ফাঁদ বসিয়েছিলেন। ভোরে অসাবধানতাবশত রুবি আক্তার ওই তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসীর দাবি, বন্য হাতির উপদ্রব দীর্ঘদিনের হলেও নিরাপদ ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় অনেকেই ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজান কামাল বলেন, “আমি সরকারি কাজে বান্দরবান সদরে আছি। নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”