ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগে গুলশান থানায় করা মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি বিদিশা সিদ্দিককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।