অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২১ মে) রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে আবুল বারাকাতকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে, হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন। সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আইনজীবীরা জানিয়েছেন, আর কোনো মামলা না থাকায় আপাতত তার মুক্তিতে কোনো বাধা নেই।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্স গ্রুপের ঋণ জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর গত বছরের ১০ জুলাই এ মামলায় আবুল বারাকাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক ও চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন।