গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম বাবর বলেছেন, গোপালগঞ্জে চলমান কোনো উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হবে না। তিনি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনজন এমপি এ বিষয়ে আলোচনা করেছেন। পরে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবকে গোপালগঞ্জের উন্নয়নমূলক কাজের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আওতায় জেলায় প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকার বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২১ মে) গোপালগঞ্জ জেলা শহরের পাঁচড়িয়া খাল ও শহর মধুমতি নদীর সংযোগস্থলে নির্মাণাধীন বহুল প্রতীক্ষিত সেতুর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ কে. এম বাবর আরও জানান, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন এবং সেগুলোর সমাধানে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে একটি সুন্দর ও বাসযোগ্য গোপালগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো ও জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ দশমিক ৭৪ মিটার দীর্ঘ ও ১৩ দশমিক ২৫ মিটার প্রশস্ত সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন।
প্রসঙ্গত, আগের সরকারের সময়ে পাচুরিয়া খালের সঙ্গে শহর মধুমতি নদীর সংযোগ স্থাপন করা হলেও বিভিন্ন জটিলতার কারণে সংযোগস্থলে সেতু নির্মাণের কাজ দীর্ঘ সাড়ে তিন বছর ধরে আটকে ছিল।