সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, সোহানার স্বামী শেখ সাকিব হোসেন ও শাশুড়ি খালেদা বেগম দীর্ঘদিন ধরে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সাকিবের সঙ্গে এক তরুণীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ সৃষ্টি হতো।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, পরকীয় প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় সোহানাকে মারধরও করা হয়েছে।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের ঘটনা ঘটে। তাদের দাবি, ওই ঘটনার একপর্যায়ে সোহানার মৃত্যু হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে সোহানার মরদেহ ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “আমরা ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়েছি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে নিহতের স্বামী শেখ সাকিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”
তিনি আরও বলেন, “তদন্ত ও যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা-সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য দেওয়া সম্ভব নয়।” ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।