চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় দুই শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগে এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ পাওয়া ফোনকলের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল বাতেন (৫৫)। তিনি খুলশী থানাধীন একটি মসজিদের ইমাম এবং মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯ এ এক ব্যক্তি ফোন করে জানান, মসজিদের ওই ইমাম তার মক্তবের ৭ ও ১১ বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগের মুখে পড়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে মসজিদের ভেতরে আটকে রাখে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে খুলশী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী দুই শিশুর বক্তব্য গ্রহণ করে এবং অভিযুক্ত আব্দুল বাতেনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।