সাত দিনের মধ্যে পল্লবীতে শিশু হত্যার বিচার শেষ হওয়ার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  

রবিবার (২৪ মে) সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি ঈদের ছুটির মধ্যে বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে বলেও জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন; এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে বলে আশা করছি।”

রামিসা হত্যাকাণ্ডের পরই কলাবাগানেও ধর্ষণের ঘটনা ঘটেছে, এমন কেন হচ্ছে, এ বিষয়ে তিনি বলেন, “এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ। এখানে সমাজ সংস্কারের দরকার। যেখানে সামাজিক মূল্যবোধকে তুলে ধরা দরকার আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, আমাদের কালচারের ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে। কিছু কালচার এমন হয়েছে, এটা অপসংস্কৃতির কারণে, ধর্ষণের মাত্রা, অবস্থা এটা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।” 

তবে অপরাধ সংঘটিত হওয়ার পর কোনো ছাড় দিচ্ছে না সরকার জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘটনার (রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড) মাত্র সাত ঘণ্টার মধ্যে মূল আসামিকে এবং পরদিন তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সঙ্গে সঙ্গে, একদিনের মধ্যে। আমরা খুব দ্রুততার সঙ্গে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট তিনদিনের সময় লাগে, তিনদিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি এরই মধ্যে।”