রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৭ মে) ভোরের দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ইউনিটে এই ঘটনা ঘটেছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডি এমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, “ওই ওয়ার্ডে এক-দুই দিন বয়সি শিশুদের রাখা হয়। ভোরে হঠাৎ ছয় শিশু মারা যায়। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিম এসেছে।”
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, রাতে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ১১ জন মা এবং ছয়টি শিশু ছিল।
তিনি বলেন, “হাসপাতালে কথা বলে যেটুকু জানা গেছে, রাত ২টার দিকে কয়েকজন মা অস্বস্তি বোধ করতে থাকেন। তাদের শ্বাসকষ্টের মত হচ্ছিল। রাত ৪টার দিকে কোনো কারণে এসি বন্ধ ছিল। পরে ভোর ৬টার দিকে প্রথমে একটি শিশু মারা যায়। এরপর একে একে বাকি পাঁচটি শিশুর মৃত্যু হয়।”
শিশুগুলোর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।