কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে সমুদ্র সৈকতে স্নানরতপর্যটকের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী লাইফ গার্ডের সদস্যরা।
সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামার পর নিখোঁজ হন আবির।
সি সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি জানান, আবির নিখোঁজের খবর পেয়ে দ্রুত সি-গাল পয়েন্টে যাই এবং সারারাত সৈকতে অবস্থান করে খোঁজাখুঁজি করি। ভোরে কয়েকজনকে নিয়ে নাজিরারটেকের দিকে অনুসন্ধানে বের হলে ভোর সাড়ে ৫টার দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পাই। পরে তাকে তীরে তুলে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।
মো. ওসমান গনি বলেন, “রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ হসময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ হন।”
ওসমান গনি জানান, উদ্ধার হওয়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের স্বজনরা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে আবিরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।”
নিহত আবির পুরান ঢাকার শহীদনগর, লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। তারা ঢাকা থেকে ৯ বন্ধু মিলে রোববার কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন। সকাল ৭টায় কক্সবাজারে পৌঁছে সি ল্যান্ড গেস্ট হাউজে ওঠেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা সি-গাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামেন।