মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বয়স্ক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত ইউসুফ শেখের গোয়াল ঘর থেকে নোংরা পানি ও আবর্জনা পাশের বাড়িতে ছড়িয়ে পড়া নিয়ে প্রতিবেশী জরিপ শেখের সঙ্গে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখ বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে ইউসুফ শেখ ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখকে উপুর্যুপরি আঘাত করেন। এতে জরিপ শেখ গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, জরিপ শেখের সঙ্গে ইউসুফ শেখের বাকবিতণ্ডার ঘটনার আমি ও আরও কয়েকজন ইউসুফ শেখকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ইউসুফ শেখ ও পলাশ দা-কুড়াল নিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করলে তিনি সেখানেই মারা যান।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ অভিযুক্ত ইউসুফ ও তার ছেলে পলাশকে আটক করেছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।