‘দুই ঘণ্টার মধ্যে মেজর বদলি, ওসিকেও সরিয়েছি’

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সভার একটি অংশ ফেসবুক লাইভে প্রচার হওয়ার পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে শফিকুল ইসলাম মাসুদকে বলতে শোনা যায়, “দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি এখান থেকে, দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরাইছি। অনেকে বলে ভোটে এমপি হইছি, আর আমি বলি আমরা শুধু ভোটে এমপি হই নাই, পাওয়ারে এমপি হইছি।“

এ সময় শফিকুল ইসলাম স্থানীয় বিএনপির উদ্দেশে বলেন, “উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।“

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন তিনি। তার বক্তব্যে তিনি বলেন, “শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে, এইটা করছে, ওইটা করছে; কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।“

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।