বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী চার কমিশনার হলেন মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফউদ্দিন।

এদিকে জানা গেছে, নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। চেয়ারম্যান পদে একটি বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি কমিশনার হিসেবে একজন সনদপ্রাপ্ত হিসাববিদ, একজন আইনজীবী এবং ব্রোকারেজ হাউসের প্রতিনিধিকে নিয়োগ দেওয়া হতে পারে।

পদত্যাগের পর বিএসইসির পক্ষ থেকে খন্দকার রাশেদ মাকসুদের একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে তিনি তার পদত্যাগের কারণ এবং দায়িত্বকালীন বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, “প্রায় ২১ মাস আগে অস্থির পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে বাজার শৃঙ্খলা ও আইনি কাঠামো সংস্কারে কাজ শুরু করা হয়। এই সময়ে পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং করপোরেট গভর্ন্যান্স, নিরীক্ষা ও করপোরেট পুনর্গঠন সংক্রান্ত আরও তিনটি খসড়া বিধিমালা জনমতের জন্য উন্মুক্ত করা হয়েছে।”

এছাড়াও তিনি জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সংক্রান্ত দুটি আইনের খসড়াও প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, “বাজারে শৃঙ্খলা ফেরাতে কঠোরভাবে বিধিবিধান প্রয়োগ করা হয়েছে এবং বাজার, মধ্যস্থতাকারী ও ইস্যুকারীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করা হয়েছে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা ও অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়েছে।”