ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু, যাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার মূলগ্রাম ও কাইয়ুমপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের দুই বছর বয়সী ছেলে সাফুয়ান বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে একটি জলাশয়ে পড়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বেলা ১১টার দিকে কাইয়ুমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে বাড়ির পাশের জমিতে জমে থাকা বর্ষার পানিতে খেলতে গিয়ে জিসান (৪) ও ঝুমা আক্তার (৫) নামে দুই শিশু পানিতে পড়ে যায়। একপর্যায়ে তারা জমির পাশে থাকা গভীর ডোবায় তলিয়ে যায়।

শিশুদের পানিতে ডুবে যেতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্বজনদের বরাতে জানা গেছে, চিকিৎসাধীন ঝুমা আক্তারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। জিসান ও ঝুমা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “ঘটনাগুলো সম্পর্কে পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”