ঢাকার সাভারের আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশির ধারালো অস্ত্রের কোপে রুপবান বেগম (৪৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
শুক্রবার দুপুরের দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
নিহত রূপবান বেগম (৪৫) সাভারের আশুলিয়ার তাজপুর এলাকার বাসিন্দা। মামলার প্রধান আসামি আলিয়া সরকার একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর একটি ছাগল আলিয়া সরকার নামে এক প্রতিবেশির বাড়ির উঠানে গিয়ে ঘাস খায়। এতে ক্ষুব্ধ হয়ে আলিয়া সরকার ছাগলটিকে কোপ দিলে সেটি মারা যায়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে রুপবান বেগম ও আলিয়া সরকারের মধ্যে তর্ক বাঁধে। একপর্যায়ে আলিয়া সরকার তার হাতের ধারালো দা দিয়ে রুপবান বেগমের পায়ে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী আহত অবস্থায় তার স্বামী বাদি হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় এটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।“