রাজধানীর মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে চার দিন প্রতিদিন ১০ ঘণ্টা করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ম্যাচ ও ওয়ানডে সিরিজ উপলক্ষে এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী, ৭ জুন অনুশীলন ম্যাচ, ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এসব দিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানিয়েছে, মিরপুর-১ অভিমুখী যানবাহনকে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।
গুরুত্বপূর্ণ ক্রীড়া আয়োজন ও বিসিবি নির্বাচন নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এই ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।