চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ কারণে ওই এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ দিয়ে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই এলাকায় রেললাইনের পূর্ব পাশে পাহাড়ি ছড়া রয়েছে। সেখান থেকে অবৈধভাবে বালু তুলে একটি ট্রাক রেললাইনটি পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।
পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, এ ঘটনায় ট্রেন ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে ট্রাক উল্টে যায় এবং লাইন বন্ধ থাকে। সাড়ে ১০টার দিকে আবার ট্রেনটি ছেড়ে গেছে।