১৫ দিনের ব্যবধানে আবারও কমল জেট ফুয়েলের দাম

আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম ১৫ দিনের ব্যবধানে আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজের জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৫ টাকা ৬৭ পয়সা কমানো হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারিত হয়েছে ১৫০ টাকা ৪১ পয়সা।

রবিবার (৭ জুন) বিইআরসির জারি করা এক আদেশে নতুন এই দাম নির্ধারণ করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২৩ মে এক আদেশে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসির নতুন আদেশ অনুযায়ী, শুধু অভ্যন্তরীণ রুটেই নয়, আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইনসগুলোর জন্যও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ বাজারের কারণে গত কয়েক মাসে কয়েক দফা মূল্যবৃদ্ধির পর, গত ৭ এপ্রিল দেশীয় রুটে জেট ফুয়েলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ লিটারপ্রতি ২২৭ টাকা পর্যন্ত উঠেছিল। এরপর থেকে জ্বালানি তেলের দাম ক্রমান্বয়ে কমতে শুরু করে। সেই হিসাবে গত দুই মাসের ব্যবধানে দেশের বাজারে জেট ফুয়েলের দাম মোট ৭৬ টাকা ৫৯ পয়সা কমেছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট ও এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের চলমান নিম্নমুখী প্রবণতার কারণেই দেশে জেট ফুয়েলের মূল্য ধারাবাহিকভাবে সমন্বয় করা হচ্ছে। জেট ফুয়েলের দাম দফায় দফায় কমার এই ইতিবাচক প্রভাব দেশের বিমান ভাড়া কমানো এবং পর্যটন খাতকে চাঙ্গা করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।