ডিআইজি কার্যালয় থেকে জোড়া কালনাগিনী উদ্ধার

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে সাপ দুটি উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাওয়া যায় যে ডিআইজি কার্যালয়ের ডিআইজির কক্ষে তিনটি সাপ প্রবেশ করেছে। খবর পেয়ে বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়।

সাপ দুটি উদ্ধারের জন্য প্রথমে কক্ষের ছাদের পার্টিশন ভাঙা হয়। সেখানে সাপের সন্ধান না মেলায় পরে দেওয়ালের একটি অংশ ভাঙতে হয়। দীর্ঘ চেষ্টার পর দেওয়ালের ফাঁক থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া কালনাগিনী সাপ দুটি দেখতে ভয়ংকর হলেও এগুলো প্রাণঘাতী বিষধর নয়। উদ্ধার শেষে সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, “উদ্ধার হওয়া সাপ দুটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।“

এ বিষয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় থাকায় সেখান থেকেই সাপ দুটি ভবনের ভেতরে প্রবেশ করে থাকতে পারে।“