পাবনা শহরে পৃথক দুই ঘটনায় আলী হোসেন (৫৩) ও মনিরুল ইসলাম (২৪) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে সন্তানের সামনেই আলী হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন কলেজছাত্র মনিরুল ইসলাম।
সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় সন্তানকে মাদ্রাসায় রাখতে যান আলী হোসেন। এ সময় হঠাৎই দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। সন্তানের সামনেই সংঘটিত এ হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন চরমপন্থি একটি দলের সদস্য ছিলেন।
অন্যদিকে বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার পেছনে রাকিব ও মনিরুল ইসলাম নামে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মনিরুল ইসলাম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর মনিরুলের মরদেহ রাজশাহী থেকে পাবনায় আনা হচ্ছে। মনিরুল হত্যার ঘটনায় অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে। এ দুই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।