বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এক বছরের মধ্যে ১ লাখে উন্নীত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বর্তমানে সেখানে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মরত আছেন।
মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হলে তারা দ্রুত এ বিষয়ে উদ্যোগ নিতে সম্মত হয়েছে। উভয় পক্ষ শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশের আলোচনায় বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি দশগুণ বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উঠে এসেছে।
এছাড়া উভয়পক্ষ একমত হয়েছে যে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তি রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধের দ্রুত বৃদ্ধির সম্ভাবনার ওপর জোর দেন।
বাণিজ্যের নতুন সুযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে কয়েক সপ্তাহের মধ্যে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল রাশিয়ায় পাঠানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রুশ পক্ষ।
প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয় বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সহযোগিতা নিয়ে আলোচনা হয়। কৃষি ও স্বাস্থ্যে এআইয়ের প্রয়োগের বিষয়ে রাশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি জানায়।
প্রসঙ্গত, খলিলুর রহমান তিন দিনের সফরে বর্তমানে রাশিয়ায় রয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সঙ্গে রয়েছেন।