কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।

মঙ্গলবার (৯ জুন) রাতে ফকিরগাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আর আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।”

ওসি আরও বলেন, “রাতের ঘটনা এখনও বিস্তারিত পাওয়া যায়নি। তবে যতদূর জানা গেছে হতাহতরা মোটরসাইকেল যোগে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিলেন। নিয়তির মোড় এলাকায় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে।”