পিরোজপুরে সেতু ভেঙে পণ্যবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বেইলি ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

বুধবার (১০ জুন) সকালে উপজেলার পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা এলাকার দেবীপুর ফাজিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পণ্যবাহী ট্রাকটি ব্রিজের ওপর উঠলে হঠাৎ ব্রিজটি ধসে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায়।   

সেতু ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাশ্ববর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ একাধিক রুটের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকখানি ঘুরে বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

স্থানীয়দের দাবি, ঝুকিঁপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে সেতুটি দিয়ে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করছিল।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রকৌশলীদের পাঠানো হয়েছে। ব্রিজটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এছাড়া বেইলি ব্রিজটির পাশে একটি নির্মাণাধীন সেতু আছে, সেটির কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।