মধ্যরাত পর্যন্ত সারাদেশে কম থাকবে গ্যাসের সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ শুরু হওয়ায় সারাদেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রান্নার চুলা জ্বালাতে গ্রাহকদের ভোগান্তি হতে পারে।

শনিবার (১৩ জুন) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র জানায়, দেশে দীর্ঘদিন ধরেই চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি রয়েছে। এর মধ্যে মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে দৈনিক গড়ে ৯৫ থেকে ১০০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছিল।

তবে আজ শনিবার দুপুর থেকে একটি টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজ শুরু হওয়ায় সরবরাহ ১০ কোটি ঘনফুট কমিয়ে ৮৫ কোটি ঘনফুটে নামানো হয়েছে।                           

গ্যাসের সরবরাহ কমায় গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি পাঠিয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।