ধানমন্ডিতে অভিনেত্রীকে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে আসমা ঝিলিক (৩৫) নামে এক অভিনেত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাইফুল্লাহর বিরুদ্ধে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। পরে নিহতের পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে গুরুতর আহত হন আসমা ঝিলিক। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী সাইফুল্লাহ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করেছেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোজাম্মেল হক ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ সাইফুল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে এবং প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে “রংবাজ” সিনেমায়ও অভিনয় করেছিলেন।