বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

এক মাসের মধ্যে সমাধানের আশ্বাসে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস প্রক্রিয়ার কাজে নিয়োজিত দুটি শ্রমিক সংগঠন দুই ঘণ্টা কর্মবিরতির পর তা প্রত্যাহার করে নিয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন।

শ্রমিক নেতারা বন্দর পরিচালকের সঙ্গে আলোচনায় বসলে এক মাসের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। পরে নেতারা শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন। সকাল ১১টার পরে যথারীতি শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

জানা গেছে, এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৮৯১) এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি নং ৯২৫) নেতৃবৃন্দ গত মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদনপত্র বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে জমা দেন।

আবেদনপত্রে শ্রমিক নেতারা অভিযোগ করেন, বন্দর কর্তৃপক্ষের নিয়োগপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান গত বছরের ৫ আগস্টের পর থেকে তাদের সংগঠনের সঙ্গে কোনো ধরনের চুক্তি, সমন্বয় বা কার্যকর যোগাযোগ রক্ষা করেনি। এ বিষয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সন্তোষজনক সমাধান না হওয়ায় শ্রমিকরা এ কর্মবিরতির ডাক দেন।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও বন্দর পরিচালক শামিম হোসেন শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়ে কাজে ফিরেছেন।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, “বন্দর চেয়ারম্যানের কাছে দুইটি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবি সম্বলিত একটি আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। ওই সময় আবেদনটি ঢাকা প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। আশা করছি এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত আসবে এবং সমস্যার সমাধান হবে।”