খুলনা মহানগরীর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদের ভেতরে প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার পরে ঘটনাটি ঘটে। আহত দুইজন হলেন লোকমান ও আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত আলম খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুসল্লীরা জানান, নামাজ শেষে অস্ত্রধারীরা মসজিদের ভেতর ঢুকে পড়ে। এরপর একে একে কয়েক রাউন্ড গুলি করে অস্ত্রধারীরা। এতে দুইজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ লোকমান নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছিলেন। আলম নামে অপরজন নামাজ শেষে বের হচ্ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে লোকমান ও আলম নামে দুই ব্যক্তি আহত হন। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলোয়াত করছিলেন। স্থানীয় মুসল্লিরা তাদের দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তাদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। অপরজনকে খুমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির ৫টি খোসা উদ্ধার করেছে।