তিন দিন ধরে কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখায় শিশুসহ ১২ জন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো ১২ জন তিনদিন ধরে অবস্থান করছে। 

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

এরআগে শনিবার বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ১৪৮/৩ এস সীমান্ত পিলার এলাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

বিজিবি ও স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় ও টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠায়। বর্তমানে ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে ওই ১২ জন।

নুরুল হুদা বলেন, “বর্তমানে ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে ১২ জন। এ বিষয়ে বিএসএফের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। তবে তাদের পক্ষ থেকে এখনো কোন সাড়া মেলেনি।”