গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ি গ্রামে তিন সন্তানের জননী শিল্পি বেগম (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সকালে স্বামীর বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বামীর পরিবারের দাবি, শিল্পি বেগম আত্মহত্যা করেছেন। তবে তার ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার ছিলেন তার বোন। রবিবার রাতে শিল্পি বেগমকে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার পর তার স্বামী ইকবাল সিকদার পালিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।“