জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত।
গত বুধবার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত এ আদেশ দেন। আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আরিফুল ইসলাম।
এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম অব্যাহতি চেয়ে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারি পরিচালক জাকির হোসেন।
তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায় কর্মকর্তা।