টিসিবির গুদামে আগুন, পুড়েছে ১০ লাখ টাকার পণ্য

মাদারীপুর সদর উপজেলায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে।   

বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত রাত ২টার দিকে চরমুগুরিয়া পাটগুদাম সংলগ্ন ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’ নামের গুদামে লাগে। এ আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানিয়েছেন।  

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে সহযোগিতা করেন।

আগুনে গুদামে মজুত থাকা সয়াবিন তেলের বোতল গলে চারদিকে ছড়িয়ে পড়ে। স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্য পুড়ে যায়। তীব্র তাপের কারণে গুদামের দেয়াল ও দরজাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।গুদামের পাশেই একটি পাটের গুদাম ছিল। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় সেটি অক্ষত রয়েছে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি।