কুমিল্লার হোমনায় মৃত বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রুপ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরেক বোনসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের বিএডিসি হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুপ মিয়া বাঙ্গরা বাজার এলাকার দীঘলদি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল মিয়া (৪৮) এবং অটোরিকশাচালক তানভির।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকায় রুপ মিয়ার বড় বোনের মৃত্যু হয়। জানাজা ও দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকালে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন রুপ মিয়া ও তার স্বজনরা। পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে রুপ মিয়াসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত হনুফা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, কয়েকদিন আগে নিহতের বড় বোন মারা যান। তার জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথেই সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।