নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আল মদিনা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বেশ কয়েকটি দোকান ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দোকানমালিকদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, ব্যবসায়ীদের উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে মার্কেট কর্তৃপক্ষ। তাদের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।