এক ওড়নায় ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ, পাশে ঘুমিয়ে ছিল সন্তান

নাটোরে নিজেদের শয়ন কক্ষের ঘড়ের চালের বাঁশের সাথে এক ওড়নায় ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে নাটোর সদর উপজেলার ঢালান এলাকা থেকে রাকিব হোসেন (২২)  ও তার স্ত্রী লিজা খাতুন (২১) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, পারিবারিক কলহ ও সংসারের অভাবের  কারণে মানষিক ট্রমায় তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ বিষয়টি নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান শুক্রবার (১৯ জুন) সন্ধ্যার পরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। উভয় পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সদস্যদের কাছে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে ঢালান এলাকার অটোরিকশা চালক রাকিব হোসেন (২২) এর সাথে একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুন (২১) এর দুবছর আগে বিয়ে হয়। বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। পরে দুপক্ষের সমঝোতায় আবার তারা সংসার শুরু করেন।

শুক্রবার জুম্মার নামাজ শেষে রাকিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী লিজা খাতুনের সাথে নিজের ঘরেই অবস্থান করছিলেন। এ সময় পরিবারের অভাব অনটন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলেও দুজন ঘরের মধ্যেই অবস্থান করেন।

বিকেলে এক পর্যায়ে তাদের আর কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে ঘরের দরজা জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখতে পান তারা শয়ন কক্ষের চালের বাঁশের সাথে এক ওড়নায় ঝুলে আত্মহত্যা করেছে। নাটোর থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে তাদের মরদেহ উদ্ধার করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, পারিবারিক কহল ও সংসারের অভাব অনটন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলেও দুজন ঘরের মধ্যেই অবস্থান করছিলো, ওই সময় ঘরে তাদের দেড় বছরের সন্তান আব্রাহিম ঘুমিয়ে ছিলো।