কাতারে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। নিহতদের ৫ জনই বাংলাদেশি নাগরিক।
স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসীরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক।
নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, “দূতাবাসের সঙ্গে সমন্বয় করে ৫ প্রবাসীর মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।”